শিলিগুড়ির রাজপথ জুড়ে চলা টোটোর দাপট কাবুতে আনতে শক্ত হাতে নামছে পুলিশ
দি নিউজ লায়নঃ শিলিগুড়ির রাজপথ জুড়ে চলা টোটোর দাপট কাবুতে আনতে শক্ত হাতে নামছে পুলিশ।শিলিগুড়ি শহরে টোটোর দৌড়াত্মের বিরুদ্ধে ইংরেজি নববর্ষের শুরুতেই কড়া ভূমিকায় দেখা যাবে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশকে। সম্প্রতি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দায়িত্ব ভার নিয়েছেন দেবেন্দ্র প্রকাশ সিং। পুলিশ সূত্রে জানা যাচ্ছে দায়িত্বভার নিয়েই শিলিগুড়ি মেট্রোপলিটন শহর এলাকা রুট ম্যাপ ধরে নজরদারি চালিয়েছেন তিনি। শহরের গুরুত্বপূর্ণ সমস্যারগুলি গেঁথে নিয়ে সেই মোতাবেক সমাধানে রাস্তা আজমাতে পুলিশকে তৈরি থাকার নির্দেশ রয়েছে নয়া পুলিশ কমিশনারের।
জানা যাচ্ছে শিলিগুড়ি শহরের যানজটের সমস্যাকেই মোক্ষম গুরুত্ব দিচ্ছেন তিনি। প্রাথমিক পর্যবেক্ষনে যানজটের শেকড় পর্যন্ত পৌঁছতে বেশ কয়েকদিন শহরের বিভিন্ন সড়কে সশরীরে নজরদাড়ির পর শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে যানজটের অন্যতম কারণ মুখ্য সড়কের ওপর টোটোর দাপট কমাতে শক্ত হাতে অভিযানে নামার পরিকল্পনা রয়েছে। শিলিগুড়ি শহরে নথিভুক্ত টিন নাম্বার যুক্ত টোটোর সংখ্যার চেয়ে অবৈধ টিন নম্বরবিহীন টোটোর সংখ্যা অধিক।
চলতি বছরের শুরুতেই যে সমস্ত টোটো কনভার্সন প্রক্রিয়ায় যায়নি সে সমস্ত পুরোনো সিটি অটো ও টোটোর শিলিগুড়ির রাজপথে দেখা গেলেই বাজেয়াপ্ত করা হবে এমন নির্দেশিকা দেওয়া হয় আর সেই নির্দেশ মত শহরের প্রচুর টোটো বাজেয়াপ্তের পাশাপাশি লাগাতার অভিযানও চালে। মুখ্য সড়কের ওপর টোটোর চলাচলের ওপর নির্দেশিকা জারি হয়।কিন্তু দীর্ঘ লকডাউনের পর করোনা কালে ছুট দেওয়ায় ফের শহরের রাজপথ টোটোর দখলে চলে এসেছে।
তাই এবারে ফের ইংরেজি নতুন বছরের শুরুতেই লাগাতার অভিযান করে মুখ্য সড়কে টোটোর ওপরে কড়া ভূমিকা নিতে চলেছে পুলিশ। তবে নাগরিক পরিষেবার ক্ষেত্রে বিকল্প যান চলাচলের বিষয়টি নজরে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Post a Comment